
জোহরের নামাজের সময় মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম, সেই সুযোগে অজ্ঞাত চোর ইমামের কক্ষে ঢুকে তার টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহি জামে মসজিদে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, তিনি প্রথমে ভেবেছিলেন মসজিদে নামাজের জন্য মুসল্লিরা প্রবেশ করছেন। পরে জানতে পারেন, আজানের সময় চোর ইমামের টাকা নিয়ে পালিয়ে গেছে। মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এ মসজিদে ইমাম হিসেবে আছি। দুপুর একটার দিকে জোহরের আজান দিচ্ছিলাম। এ সময় একজন চোর মসজিদে ঢুকে আমার কক্ষে প্রবেশ করে। পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গ্লাসের মাধ্যমে আমি চোরকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজান চলাকালীন ধরা সম্ভব মনে হয়নি। আজান শেষ হওয়ার পর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।” গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনাটি তার কাছে এখনও জানা নেই। অভিযোগ পেলে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে।


