
আবুধাবি টি-টেন লিগে আরও একজন বাংলাদেশি ক্রিকেটারের খেলার খবর নিশ্চিত হলো। সাকিব আল হাসান ও সাইফ হাসানের পর এবার দলে জায়গা পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। যদিও নাহিদ রানা টুর্নামেন্টে দল পেয়েছিলেন, তবে তিনি খেলতে পারছেন না। নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস আবুধাবি টি-টেন লিগে যুক্ত হয়েছে। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে তারা সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করে। সাকিব এই দলে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জেসন রয়ের মতো তারকাদের সঙ্গে। ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। নাহিদ রানাও ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন, তবে বিসিবি অনাপত্তি না দেওয়ায় তার খেলা সম্ভব হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

