
ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা ঐকমত্য কমিশনে আছেন, তারা আগে যে কাজ করতেন, সেই কাজেই ফিরে যান। জনগণকে তাদের সিদ্ধান্ত নিতে দিন—কারও মতামত চাপিয়ে দেওয়া ঠিক নয়।” তিনি অভিযোগ করেন, কিছু দল ও কমিশন সদস্য নতুন নতুন দাবি তুলে তা মানার জন্য চাপ সৃষ্টি করছেন, যা কমিশনের উদ্দেশ্যের পরিপন্থী। “ঐকমত্য হয়েছে, সইও হয়েছে। এখন আবার নতুন দাবি তোলা হচ্ছে—এটা জনগণের ওপর মত চাপিয়ে দেওয়ার শামিল,” বলেন তিনি। খসরু আরও বলেন, “দেশের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। আগামী নির্বাচনে তারাই নির্ধারণ করবে কাকে ক্ষমতায় দেখতে চায়। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছেই যেতে হবে, জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না।” নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাকে দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, “ব্যবসায়ীরা প্রতিনিয়ত বলছেন—‘ফেব্রুয়ারি নয়, এখনই নির্বাচন করুন।’ ব্যবসা স্থবির হয়ে পড়েছে, বিনিয়োগ থমকে আছে।” রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লুৎফর রহমান। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের আট জেলার ব্যবসায়ীরা অংশ নেন।

