
চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিঅ্যান্ডএস) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; এবং কমান্ড্যান্ট, এসিঅ্যান্ডএস।সম্মেলনে সেনাপ্রধান তার বক্তব্যে রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সব সদস্যকে প্রস্তুত থাকতে হবে। পরে দুই কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী; চেয়ারম্যান, বেপজা; সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এনডিসি; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; এসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট; আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেড ও রেজিমেন্টসমূহের অধিনায়করা এবং গণমাধ্যমকর্মীরা। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এসিঅ্যান্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


