
কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২২ অক্টোবর) শবরীমালা মন্দির পরিদর্শন শেষে অবতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। কর্মকর্তারা জানান, স্টেডিয়ামটি শেষ মুহূর্তে অবতরণস্থল হিসেবে নির্ধারিত হয়েছিল। রাতারাতি তৈরি করা কংক্রিট হেলিপ্যাডটি তখনো শক্ত হয়নি, ফলে হেলিকপ্টারের ভারে সেটি ধসে পড়ে এবং একপাশে হেলে যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে হেলিকপ্টারটি নিরাপদে তোলার চেষ্টা করেন এবং ভূগর্ভস্থ জলাধার থেকে সরিয়ে আনেন। স্থানীয় প্রশাসন জানায়, মূলত নীলাক্কালে অবতরণের পরিকল্পনা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে স্টেডিয়ামটি বেছে নেওয়া হয়। রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে দক্ষিণ ভারতের চার দিনের সফরে রয়েছেন। মঙ্গলবার তিনি তিরুবনন্তপুরমে পৌঁছে পাঠানমথিত্তা যান এবং বুধবার শবরীমালা মন্দিরে আরতিতে অংশ নেন।


