
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী ইসমাইল ভূঁইয়া ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ে তিনি উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, রাজলক্ষ্মীসহ উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, মৌন মিছিল, মার্চ টু ঢাকা—এসব কর্মসূচিতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং গণঅভ্যুত্থান ও বিপ্লবের ধারাবাহিকতায় ‘হাসিনার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকার’ অঙ্গীকারে ছিলেন অবিচল। বর্তমানে তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি চলছে, জানিয়েছেন তার স্বজনরা। পরিবারও সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।


