
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে লড়ার জন্য মনোনয়নপত্র নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব যোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলেরও সদস্য। রোববার (৯ নভেম্বর) তিনি ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া, জামায়াতের এসএম কামাল উদ্দিন, খেলাফত মজলিসের আজিজ উল্লাহ আহমদী ও ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া। যোবায়েরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এর আগে ২০১৪ সালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও ২০১৬ সালে আলিম পাস করেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে যুক্ত আছেন। পাশাপাশি তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি বায়িং হাউস ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আক্তার দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে যোবায়ের বলেন, “আমি ফেনী-১ আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম নিয়েছি। বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুনেছি, এনসিপি বগুড়ার আসনটি ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে। আশা করি, দল ফেনী-১ আসনে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে। আমি এই আসনের জনগণের জন্য কাজ করতে চাই।” উল্লেখ্য, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে পরপর জয়লাভ করেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে কেবল আওয়ামী লীগের এবিএম মূসা এই আসনে জয় পান। সর্বশেষ ২০২৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সংসদ সদস্য নির্বাচিত হন।

