
অভিযুক্ত ব্যক্তি গলায় রাজ গোখরা পেঁচিয়ে বাজারে ঘুরে বেড়িয়ে মানুষকে ভয় দেখাতেন এবং সাপটি বিক্রিরও চেষ্টা করেন। পরে ক্রেতা সেজে বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটি উদ্ধার করেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয়দের সহায়তায় মিঠাছরা বাজার থেকে ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়। সাপটির বিষদাঁত উপড়ে ফেলা ও খেলা দেখানোর কারণে এটি গুরুতর আহত হয়। বর্তমানে চট্টগ্রাম বন বিভাগের তত্ত্বাবধানে এর চিকিৎসা চলছে। বন্যপ্রাণী উদ্ধার দল ডব্লিউএসআরটিবিডির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায়ের এক ব্যক্তি রাজ গোখরাটিকে অবৈধভাবে ধরে রেখে ভয়ভীতি ও চাঁদাবাজিতে ব্যবহার করছিলেন। খবর পেয়ে ক্রেতা সেজে তারা সাপটি উদ্ধার করেন। বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত জানান, সাপটির দাঁত তুলে ফেলা হয়েছে ও মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে সেটিকে বনে অবমুক্ত করা হবে।


