
চট্টগ্রামের রাউজান পৌরসভার রশিদের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর ওরফে আলমকে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পারিবারিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত আলম (৪৯) পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে রশিদের পাড়া মসজিদের পাশে পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আলমের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “রাউজানে প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। বহু বছর ধরে এখানে ব্যক্তিকেন্দ্রিক শাসন চলে, সন্ত্রাস থামে না।” রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীদের গুলিতে রাউজানেরই বাসিন্দা বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নিহত হন।


