
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে সমর্থকদের তোপের মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ব্যর্থ সিরিজ শেষে বুধবার (১৫ অক্টোবর) দুটি আলাদা ফ্লাইটে দেশে ফিরেন ক্রিকেটাররা। সন্ধ্যার পর নাঈম শেখ, মুস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম ও তাসকিন বিমানবন্দর ত্যাগ করেন। দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। সমর্থকরা ভুয়া-ভুয়া স্লোগান দেন, পরিবারের জন্য কটূক্তি চালান। বিশেষ করে তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের ক্ষোভ বেশি লক্ষ্য করা যায়। এতে মনঃক্ষুণ্ন হন নাঈম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিলেও সমর্থকদের মন জয় করতে পারেননি। এবার নাঈমের পাশে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জাতির সামনে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। নিজের পোস্টে নাসির লিখেছেন, “আমরা ক্রিকেটার হলেও তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ। রক্তমাংসের মানুষ, কোনো রোবট নয়, যার অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ করে, তাহলে হারে কেন শুধু ১১ জনের কাঁধে দায়ভার?” তিনি আরও যোগ করেন, “জাতির কাছে আমার প্রশ্ন—কে কি ইচ্ছে করে হারে? আনন্দ ভাগাভাগি করা যায়, তাহলে কষ্টের সময়ও কি একটু সহানুভূতি দেখানো যায় না? কটূক্তি না করে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বাড়ানো বা জয়ী হওয়ার পথে উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করব। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে দেখাতে চাই। আর চাই ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন।


