
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কের একটি হাতির আচরণে দুই মাহুত আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। তাদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মঙ্গলবার সকালে স্বাভাবিক নিয়মে হাতির বেষ্টনীতে খাবার দিতে গেলে দুই মাহুতের ওপর হাতি আক্রমণ করে। সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। তিনি আরও বলেন, অরুণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণীদের আচরণ অপ্রত্যাশিত হতে পারে, তবে হাতিটির আচরণের সঠিক কারণ যাচাই করতে পার্কের ভেটেরিনারি চিকিৎসক বিষয়টি পরীক্ষা করছেন।


