
বরিশালের গৌরনদীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। তিনি মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা জানান, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয় ঢাকা থেকে গ্রামে ফেরেন। হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে।


