
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত একটি জনস্বার্থমূলক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সরকারি চাকরিজীবী যারা নিজ ভোটার এলাকার বাইরে আছেন, এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এবার আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য [www.ecs.gov.bd](http://www.ecs.gov.bd) ওয়েবসাইট ভিজিট করতে এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেল @BangladeshECS ফলো করতে পরামর্শ দেওয়া হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন হবে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা কত তারিখ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন, তা সেই দিন বিস্তারিতভাবে জানানো হবে।


