
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন। বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ হবে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে।


