
ভারতের দিল্লি বিমানবন্দরে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে, উড্ডয়নের ঠিক আগে। তবে কেবিন ক্রুর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ ট্যাক্সিং করার সময় এই ঘটনা ঘটে। যাত্রীর আসনের পকেটে রাখা পাওয়ার ব্যাংকে আগুন ধরে গেলে কেবিন ক্রুরা তা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনেন। ইন্ডিগোর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে ফ্লাইটটি পার্কিং এলাকায় ফিরে আসে এবং ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যায়। সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় এবং নিরাপত্তা পরীক্ষার পর ফ্লাইটটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, এয়ারবাস এ৩২০ এনইও মডেলের বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়। ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো সময় শান্ত ছিলেন এবং ক্রুদের সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা প্রকাশ করা হয়নি। এর আগে, গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। ওই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।


