
শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।আটকরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং সদস্য নারায়ণ পোদ্দার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০-১২ জনের একটি চক্র মহাসড়কে ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে জোরপূর্বক ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের চাঁদা তোলার বৈধতা জানতে চাইলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থ জব্দ করা হয়। আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মতিউর রহমান বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আমরা দুজনকে রশিদ ও নগদ অর্থসহ আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


