
পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এতে করে মোট হাজিদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (৭ জুন) পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। তারা হজ পালনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাজিরা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা এ ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি অন্যদেরও সরকারি মাধ্যমে হজে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার (৬ জুন) পর্যন্ত মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮ হাজার ৪৯টি। এছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন হাজি। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।

