কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় অপর দুই আসামি—ভিকটিমের ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজকে বেকসুর খালাস দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরের মনোহরপুরে রহস্যজনকভাবে মারা যান রীমা, যিনি তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার পর আসামিপক্ষ দাবি করে তিনি আত্মহত্যা করেছেন। তবে ভিকটিমের বাবা বাহার মিয়া স্বামী নাসিরসহ তিনজনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা মামলা করেন। আদালতে প্রমাণিত হয়—রীমার মৃত্যু আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত শ্বাসরোধে হত্যা। স্বামী নাসিরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।