
বরফে ঢাকা ও শীতপ্রধান এই দেশে বসন্তকালে হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত অতিথি হাজির হলো। ইতিহাসে এটি প্রথমবারের মতো, আইসল্যান্ডে মশা ধরা পড়েছে। স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন প্রজাপতি পর্যবেক্ষণের সময় দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা ধরেন। পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, এগুলো ‘কুলিসেটা অ্যানুলাটা’ প্রজাতির মশা, যা শীতল আবহাওয়াতেও বাঁচতে সক্ষম। এত দিন পর্যন্ত আইসল্যান্ড ও অ্যান্টার্কটিকা ছিল মশামুক্ত। তবে বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার পরিস্থিতি বদলে যাচ্ছে। কীটতত্ত্ববিদরা জানিয়েছেন, এ বছর আইসল্যান্ডে কয়েকবার রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যা দেশের ইতিহাসে বিরল। এই উষ্ণতার অস্বাভাবিক বৃদ্ধি মশার টিকে থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিজ্ঞানীরা এখন পর্যবেক্ষণ করছেন, এই মশাগুলো কেবল পথ হারিয়ে এসেছে নাকি সত্যিই আইসল্যান্ডে স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করেছে। যদি স্থায়ীভাবে বসতি গড়ে, তবে এটি জলবায়ু পরিবর্তনের একটি বড় সংকেত হিসেবে দেখা হবে।


