আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণীত হবে। তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।” বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্বাচনের মতোই গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে আয়োজন করা হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে।” গণভোটের দিন ভোটাররা ৪টি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত জানাতে পারবেন।