খুলনায় ব্যাটারিচালিত ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে এক তরুণী নিহত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা ও মো. আতিয়ার মোল্লার কন্যা। তার লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয়রা জানান, সুরাইয়া অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ইজিবাইক থেকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা হাসপাতালে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।