
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাইল হাওলাদার। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়। বুধবার (১৯ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে যোগদানের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান ফুল দিয়ে নবাগত কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর জিএমপির একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে নবনিযুক্ত কমিশনার জিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অফিসিয়াল বৈঠক করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। নতুন কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

