১৬ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম তাঁর শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়িত হয়েছেন। ইতোপূর্বে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতকরণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম জেলার সর্বস্তরের জনগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃত্ববৃন্দ, সাংবাদিকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চট্টগ্রাম জেলার মানুষের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসাকে তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তার সংক্ষিপ্ত কর্মকালে নাগরিক সেবার মানোন্নয়ন এবং জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ সকল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। "চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত থাকুক"—এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।