চট্টগ্রাম নগরের কদমতলীতে একটি বহুতল ভবনের কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকার ওই ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুদামটিতে বিপুল পরিমাণ কম্বল রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাতটি ইউনিট বর্তমানে অভিযান চালাচ্ছে। আলমগীর হোসেন আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।