
চট্টগ্রাম, ৮ নভেম্বর ২০২৫ (শনিবার): বাংলার আধ্যাত্মিক ও সাহিত্য অঙ্গনে নতুন মাত্রা যোগ করল সুফিবাদ ও মানবপ্রেমভিত্তিক গ্রন্থ “সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা : জীবন ও কর্ম”। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে এক বর্ণাঢ্য আয়োজনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এবং ইতিহাসবিশারদ আজিজুল হক। এতে সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলার আধ্যাত্মিক জীবন, সাহিত্যকর্ম ও মানবপ্রেমের দর্শন তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও দার্শনিক, আশেকে রাসুল (সা:) ও অলিকুল সম্রাট হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ:) দরবার শরীফ, আজমীর-এর সম্মানিত পীর আলহাজ্ব আল্লামা সৈয়দ বশির উদ্দিন চিশতি (মুজিআ)।
সভাপতিত্ব করেন গ্রন্থ প্রকাশনা পরিষদের সহ-সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট এস. এম. ইমরান রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা লেখক ফজল আহমদ, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক আলহাজ্ব একরাম হোসেন, সাংবাদিক জাহিদুল করিম কচি, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, আন্তর্জাতিক আলোকচিত্রী শোয়েব ফারুকীসহ বহু বিশিষ্ট ব্যক্তি।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা আধুনিক যুগের এক বিশুদ্ধ আত্মা, যিনি আল্লামা রুমি ও হযরত খাজা গরীবে নেওয়াজ (রহঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আধ্যাত্মিকতা, সাহিত্য ও মানবপ্রেমের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। তাঁর কবিতা, প্রবন্ধ ও বক্তৃতায় সুফি দর্শনের গভীরতা যেমন রয়েছে, তেমনি সমাজসংস্কার ও নৈতিক পুনর্জাগরণের দিকনির্দেশনাও পাওয়া যায়। তাঁরা আরও বলেন, “সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা : জীবন ও কর্ম” গ্রন্থটি বাংলাদেশের সুফি সাহিত্য ও মানবতাবাদী চিন্তাধারার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন। এটি নতুন প্রজন্মকে আধ্যাত্মিক চেতনা, মানবতা ও সত্যনিষ্ঠ জীবনের পথে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষে সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলার দীর্ঘায়ু, শান্তি ও তাঁর আধ্যাত্মিক সাধনার সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গ্রন্থটি সম্পর্কে সারসংক্ষেপ: ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন ও আজিজুল হকের এই যৌথ উদ্যোগকে বক্তারা বাংলা সাহিত্যে সুফিবাদের গবেষণাধারাকে সমৃদ্ধ করার এক ব্যতিক্রমী প্রয়াস হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, বইটি শুধুমাত্র একজন সুফিকবির জীবনী নয়, বরং এটি আধ্যাত্মিক দর্শন, মানবপ্রেম ও নৈতিক চেতনার এক জীবন্ত দলিল।

