
চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো—প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন, গ্রেস মার্ক দিয়ে পাস নিশ্চিত করা, এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা, পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ প্রদান এবং দ্রুত ফল প্রকাশ করে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থী প্রায় ছয় বছরেও স্নাতক সম্পন্ন করতে পারেননি। সেশনজট, পরীক্ষায় বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণআন্দোলন এবং করোনা মহামারির মতো নানা কারণে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়েছে। এতে তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। শিক্ষার্থীরা আরও বলেন, গত ২৫ ফেব্রুয়ারি পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হলেও বহু নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী অল্প নম্বরের ব্যবধানে অকৃতকার্য হয়েছেন। এতে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দাবি শোনা হয়েছে এবং বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য সমাধান নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।