ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। শনিবার (১৫ নভেম্বর) শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে এখনও কোনো রেললাইন নেই। জেলা সদরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়নি এবং উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এছাড়া সকল সড়ক ও নবগঙ্গা নদীর সংস্কার এবং ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, রেললাইন সংযোগ থাকলে ঝিনাইদহের কৃষি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব। তারা আর অবহেলিত থাকতে চায় না। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন.এম শাহজালাল। প্রধান অতিথি ছিলেন জজ কোর্টের পিপি এস এম মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু। এছাড়া বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আকিদুল, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, অধ্যক্ষ মহব্বত হোসেন এবং রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান।