
দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দুই দফার মূল্য সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে। এর মধ্যে শনিবার (২০ জুন) প্রতি ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা প্রতি ভরি। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে। যেহেতু বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ১৯ জুন স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা প্রতি ভরি। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফা দাম বৃদ্ধি, ৩৮ দফা দাম হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা প্রতি ভরি। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।