
মো. আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা অনুযায়ী মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার এমডি মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরানো হয়। তিনি একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করেছে। উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসক এবং ১৮ মে ঢাকা ওয়াসারের এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

