
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা জানান, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করার সময় ইঞ্জিন থেকে বিকট শব্দ আসতে থাকে। এর পর ট্রেনের গতি কমে যায় এবং ইঞ্জিনের মবিল ছড়িয়ে যাত্রীদের গায়ে পড়ে। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ ও ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য জানানো হয়েছে। এ ঘটনায় আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।”