নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন। ৫ই জুন শুক্রবার চট্টগ্রাম জেলা একাডেমির অডিটোরিয়ামে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার জোর আহ্বান জানান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবদুর নুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমাদের আলোকিত সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানবিক ও ব্যবসায়িক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মানুষের কল্যাণে আজকের এই চমৎকার আয়োজনটি সত্যিই প্রশংসনীয়। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস সমাজের অন্যদের অনুপ্রাণিত করবে। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে সমাজের বিত্তবানদের আরও বেশি পরিমাণে এগিয়ে আসা উচিত। এ সময় তিনি ভবিষ্যতে হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের যেকোনো মানবিক ও কল্যাণকর কার্যকমে আশার আলো মানবিক ফাউন্ডেশন -এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআর সলিউশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মাইন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং তাদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর তারা এই ধরনের আয়োজন করেন। আগামী দিনগুলিতেও তাদের এই ধরনের কার্যক্রম থাকবে। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।