দেশের পুষ্টি নিরাপত্তা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে আরও জোরদার করতে সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি (সিএফকিউএস) প্রতিষ্ঠার বিষয়ে পরিচালিত ফিজিবিলিটি স্টাডির ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর লেকশোর হাইটসে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও গ্লোবাল অ্যালায়ন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন যৌথভাবে। কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। তিনি বলেন, খাদ্য ফর্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণে আধুনিক গবেষণা, প্রশিক্ষণ এবং পরীক্ষাগার সুবিধা বৃদ্ধির জন্য সিএফকিউএস প্রতিষ্ঠা অত্যন্ত সময়োপযোগী। এ কেন্দ্র দেশে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালার সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ হোসাইন সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতান আলম, বাকৃবির সিন্ডিকেট সদস্য ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক, এবং গ্লোবাল অ্যালায়ন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন ও ভ্যালু চেইনের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ। তারা উল্লেখ করেন, খাদ্য মান পরীক্ষার জন্য আধুনিক ল্যাব স্থাপন, শিল্পখাতে ফোর্টিফিকেশনের সঠিক প্রয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং নীতিগত গবেষণায় সিএফকিউএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিজিবিলিটি স্টাডির পটভূমি উপস্থাপন করেন গেইনের ফুড ফর্টিফিকেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাশার চৌধুরী। এরপর মূল প্রতিবেদন উপস্থাপন করেন বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, টেকনোসার্ভ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বাকৃবির প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের কাঠামো, ল্যাব সক্ষমতা, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত দেন। উপস্থাপিত প্রতিবেদন এবং অংশগ্রহণকারীদের আলোচনা থেকে প্রতীয়মান হয়, সিএফকিউএস প্রতিষ্ঠিত হলে দেশের পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী হবে, পুষ্টি ঘাটতিজনিত জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় ফুড ফর্টিফিকেশন কার্যক্রম আরও সমন্বিত ও বেগবান হবে, এবং খাদ্য মান পরীক্ষায় আধুনিক সক্ষমতা তৈরি হবে।