
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও নেননি; আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পদত্যাগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করব, তা পরে জানানো হবে।” তিনি আরও বলেন, “ঢাকা থেকে নির্বাচন করব, এটা প্রায় নিশ্চিত। তাই নিজের ভোট এখানেই নিয়ে এসেছি—যেন ভোটটা অপচয় না হয়।” কোন আসন থেকে প্রার্থী হবেন, এমন প্রশ্নে আসিফ বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, আমি ঢাকাতেই নির্বাচনে অংশ নেব।” রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, “কোনো দলের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখবে, সেটি আমার বিষয় নয়। আপাতত স্বতন্ত্রভাবেই নির্বাচন করব।”

