
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, ন্যাশনাল হাসপাতালের সামনে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করা হয়েছে, যার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, সকালে হাসপাতালের সামনে ফাঁকা স্থানে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


