

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একাই এক লাখ টাকার বেশি অর্থ লুট করে সেই টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কেনেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংও। পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে মো. নাইম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। ওই অর্থ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনা হয়, যা পরে উদ্ধার করে জব্দ করা হয়েছে। ডিএমপি জানায়, এ ঘটনায় থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম ইউনিট ৩ জন এবং ডিবি একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে আকাশ আহমেদ সাগর, আব্দুল আহাদ, মো. বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মো. জাহাঙ্গীর, সোহেল রানা, মো. হাসান, রাসেল ওরফে সাকিল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্তসহ মোট ১৭ জন রয়েছেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে এবং দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত হলে তারাও মামলা করবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একাধিক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঘটনায় কোনো প্রাণহানি না হওয়াটাই আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ভবনে একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ ঘটনায় পরদিন রাতে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক আইনে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।