সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত সৌদি আরব যাচ্ছেন না। আগামী ২৭ অক্টোবর থেকে রিয়াদে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে তার পরিবর্তে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। শুক্রবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি কেন না যাচ্ছেন, সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি। যদিও অংশগ্রহণকারী বিশ্বনেতাদের তালিকায় ড. ইউনূসের নাম রয়েছে। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেবেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ও সৌদি আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ার বিনিয়োগ তহবিলের সিইও কিরিল দিমিত্রিয়েভ, ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিও গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রমুখ। এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আয় বৈষম্য, মুক্তবাণিজ্য ও ভূরাজনৈতিক প্রভাব, টেকসই উন্নয়ন, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই নেতৃত্বের প্রতিযোগিতা এবং জ্বালানি রূপান্তরের চ্যালেঞ্জসহ ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামো নিয়ে আলোচনা হবে।