প্রকৃতিতে শীতের আগমনী বার্তা মিললেও বৃষ্টি যেন এখনো বিদায় নিতে নারাজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশে টানা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (১ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে ক্রমে দুর্বল হয়ে যাবে। একইসঙ্গে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। রোববার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার (৩ নভেম্বর) আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে, কেবল চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বুধবার (৫ নভেম্বর) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।