বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে। শনিবার (০৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে ভাষানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আগুনে স্থানীয় জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের ঘরসহ দুটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মাওলানা আব্দুর রহমান মাদবরায় মোহাম্মদ রেজাউল করিম মহিলা দাখিল মাদ্রাসায় সহকারী সুপার হিসেবে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শী তহমিনা বেগম জানান, “রাত আড়াইটার দিকে বাথরুমে যেতে বের হলে দেখি জামায়াত নেতার ঘরে আগুন লাগছে। হঠাৎ তিনটি ককটেলের বিস্ফোরণের শব্দ শুনি। পরে রাস্তার দিকে তাকালে দেখি মুখোশ পরা চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে।” ক্ষতিগ্রস্ত মাওলানা আব্দুর রহমান বলেন, “ঘটনার রাতে আমি স্ত্রী-সন্তানসহ ঘুমিয়েছিলাম। রাত আড়াইটার দিকে আগুন দেখে ঘুম ভেঙে যায়। প্রতিবেশিরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার এবং চাচাতো ভাই সিরাজুল হকের দুটি ঘর পুড়ে গেছে। দুর্বৃত্তরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আগুন দিয়েছে। আগের দিন আমাদের দলের মনোনীত সাংসদ প্রার্থীর পোস্টার ও ফেস্টুন পোড়ানো হয়েছিল। আমরা প্রতিবাদে মিছিল ও সভার আয়োজনের দিন ঠিক করলে সেজন্যই আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিবাদ আটকাতে এবং নির্বাচনে ভয় সৃষ্টি করতে এই আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।” মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহীদুল ইসলাম ঘটনাটি তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের বিচার করার আহ্বান জানান। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। আমি ঘটনাটির তীব্র নিন্দা জানাই।” কাজীরহাট থানার ওসি মো. মিজানুর রহমান জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”