
মিরসরাইয়ে দুইটি বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ ও তার বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগরের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। একই দিনে ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায়ও একটি বসতঘর থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপ উদ্ধারকারী রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ বলেন, “মধ্যম আজমনগরের দুলালের ঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে আমরা একটি রুম থেকে ১০টি বাচ্চা উদ্ধার করেছি, যা বর্তমানে আমার হেফাজতে রয়েছে। একই দিনে শুক্রবারইয়ারহাটের একটি ইঁদুরের গর্ত থেকে বড় সাপটি উদ্ধার করা হয়েছে।” স্থানীয়দের মধ্যে সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

