
বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি “বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া” দেখতে চায়। তিনি উল্লেখ করেন, বর্তমানে ক্ষমতায় থাকা পক্ষ অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। যদি সমস্যা নির্বাচন সংক্রান্ত হয়, তবে প্রথমে নিশ্চিত করতে হবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সর্বোত্তম অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, “আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশে জনগণের ইচ্ছা স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত।” এক প্রশ্নের জবাবে, কতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন তা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, “এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। এটি তার সঙ্গে যা ঘটেছে তার কারণ। তবে এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।” জানা গেছে, গত বছরের আগস্টে শেখ হাসিনা ভারতে এসেছিলেন, একই সময়ে দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু ও হাজারো আহত হয়। ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিত অবস্থায় ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন। মামলাটি তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত। সামিটে জয়শঙ্কর বলেন, “তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটিই মূল বিষয়, এবং সিদ্ধান্ত নেওয়া তার নিজের দায়িত্ব।”