ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং জানিয়েছেন যে ভারত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মূলত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে উদ্দেশ্য করে এই বার্তা দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জেনারেল দ্বিবেদী উল্লেখ করেছেন, পাকিস্তানের আক্রমণাত্মক মনোভাবের জবাব দিতে ভারতের সশস্ত্র বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ দিয়েছে। তিনি এ অভিযানকে ‘মাত্র ৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে উল্লেখ করেন। নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগসের’ কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “অপারেশন সিঁদুর শুধু একটি ট্রেলার ছিল, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান সুযোগ দিলে, প্রতিবেশী দেশকে দায়িত্বশীল আচরণ শেখানো আমাদের কর্তব্য।” সেনাপ্রধান আরও বলেন, যুদ্ধের সময়সীমা নির্ধারণ করা যায় না—এইবার ৮৮ ঘণ্টা, পরেরবার চার মাস বা চার বছরও হতে পারে। তাই দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত খাদ্য, সরঞ্জাম ও অস্ত্রভান্ডার থাকা অত্যন্ত জরুরি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘নতুন নরমাল’ গড়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে উৎসাহ দিলে তা ভারতের জন্য উদ্বেগজনক। ভারত উন্নয়নের পথে এগোচ্ছে—কেউ বাধা দিলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।” তিনি যোগ করেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।