দল থেকে মন্ত্রীত্বের প্রস্তাব দিয়ে আসন ছাড়তে বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘সকাল-বিকেল দল থেকে ফোন করে বলা হচ্ছে—আসুন, মন্ত্রীত্ব দেব, আসন ছেড়ে দিন।’ রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, জীবনে এক ফোঁটা রক্ত থাকতেও তিনি মন্ত্রীত্বসহ কোনো কিছুর বিনিময়ে নিজের এলাকার মানুষকে ছেড়ে যাবেন না। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই তাঁকে রাজনীতিতে নিয়ে এসেছেন। খালেদা জিয়ার স্নেহ, আশ্রয় ও সহযোগিতায় তিনি রাজনীতিতে এই অবস্থানে পৌঁছেছেন। তিনি জানান, হাসপাতালে যাওয়ার আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়া তাঁর মনোনয়ন না পাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয়রা রুমিন ফারহানাকে প্রতীকী উপহার হিসেবে একটি হাঁস দেন। তিনি আগামী নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে ভোট করতে চান বলে ঘোষণা দেন। উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি রুমিন ফারহানাকে বহিষ্কার করে।

