মডেল ও অভিনেত্রী **মেহজাবীন চৌধুরী** এবং তার ভাই **আলিসান চৌধুরীর** বিরুদ্ধে **২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের** অভিযোগে দায়ের করা মামলায় **গ্রেপ্তারি পরোয়ানা** জারি করেছে ঢাকার একটি আদালত। গত **১০ নভেম্বর** ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক **আফরোজা তানিয়া** তাদের অনুপস্থিতির কারণ দেখিয়ে পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) মামলার বাদী **আমিরুল ইসলাম** বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের অগ্রগতি জানাতে **১৮ ডিসেম্বর** প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে—দীর্ঘদিনের পরিচয়ের সুযোগে নানা আশ্বাস দিয়ে পারিবারিক নতুন ব্যবসায় পার্টনার হিসেবে রাখার কথা বলে মেহজাবীন চৌধুরী নগদ ও বিকাশের মাধ্যমে **২৭ লাখ টাকা** নেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ব্যবসা শুরু করেননি। পাওনা টাকা চাইতে গেলে “আজ দিচ্ছি, কাল দিচ্ছি” বলে সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযোগ রয়েছে, গত **১১ ফেব্রুয়ারি** টাকা চাইতে গেলে তাকে **১৬ মার্চ** হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে পৌঁছালে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪-৫ জন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং বাসার সামনে আর না যেতে এবং গেলে ‘জানে মেরে ফেলবে’ বলে হুমকি দেন। ঘটনার পর ভাটারা থানায় গেলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর আমিরুল ইসলাম **২৪ মার্চ** নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।