
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইলে গেম খেলতে দেখা গেছে চিকিৎসক ডা. শামরিন সুলতানা তৃনাকে। এক হাতে প্রেসক্রিপশন লেখা আর অন্য হাতে গেম খেলার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন রোগী পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেও তিনি পুরো মনোযোগ দিচ্ছেন মোবাইল স্ক্রিনে। এতে প্রশ্ন উঠেছে—মানুষের জীবন নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীনতা কি গ্রহণযোগ্য? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, “হাসপাতালে আসি চিকিৎসার আশায়। ডাক্তারদের সিদ্ধান্তেই আমাদের জীবন-মৃত্যু নির্ভর করে। কিন্তু এমন অবহেলা দেখলে ভরসা রাখা কঠিন।” তারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। ডিউটির সময় গেম খেলা গ্রহণযোগ্য নয়। তাকে অফিসিয়ালি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনা নিয়ে জানতে ডা. তৃনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।