

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তারের বিষয়টি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের একজন রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। লুটের ওই টাকা দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কিনেছিলেন তিনি। ইতোমধ্যে কেনা টিভি ও ফ্রিজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।