কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের মুহূর্তে নারী-পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায়—মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে। এরপর সোমবার রাত ১টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বিচে অপেক্ষমাণ ২৮ জনকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের একত্র করেছিল। অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চক্রটিকে ধরতে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবে।