
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তরদিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (১ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দুর্বল ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমবে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার (৩ নভেম্বর) রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে আবারও উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। শুক্রবার (৫ নভেম্বর) দেশের আবহাওয়া একই ধারা বজায় রাখবে। ভোরে কুয়াশা পড়তে পারে এবং রাত–দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।