
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করে আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তিনি এ মাংস পৌঁছে দেন। স্থানীয়রা জানান, রায়হান জামিল নিজ হাতে মানুষদের হাতে গরুর মাংস তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। রায়হান জামিল বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার রাজনীতির মূল লক্ষ্য। যারা সামর্থ্য নেই, তারা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না—এমন মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।’’ তার এ উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর তিনি ফরিদপুরের সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ বিতরণ করার খবরের পর বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করেন। মাছের পরিমাণ কম থাকায় সেখানে হট্টগোল শুরু হয় এবং জনতার চাপের কারণে রায়হান জামিল স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন।

