
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বড়। তবে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাশিত লড়াইটি দিতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে সমতা ফিরে পেয়েছে আফগান যুবারা। আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন রিফাত বেগ। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এদিন অধিনায়ক তামিমের ব্যাটও তেমন কাজে আসে না। মাত্র ৪৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই পরিস্থিতি থেকে দলকে সামলানোর চেষ্টা করেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। উভয়েই অর্ধশতক হাঁকান এবং তাদের জুটিতে আসে ৯৩ রান। রিজান ৫০ বলে ৫২ রান করে আউট হলে জুটি ভেঙে যায়। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষের ৩৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ, ফলে ১০২ রানের বড় ব্যবধানে হারের স্বীকার হয় টাইগার যুবারা। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে তাদের প্রথম উইকেট পড়ে। তবে শুরুর সেই চাপ সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ানডাউনে নামা ফয়সাল খান। ১০৫ বল খেলে ১৪ চার ও ২ ছক্কার সাহায্যে তিনি এক শতরানী ইনিংস খেলেন। আজিজুল হাকিম তামিম ফয়সালকে ফেরালে বাংলাদেশ কিছুটা আশা জাগায়। ২১০ রানে ৫ উইকেট হারালেও আফগানরা কিছুটা চাপে পড়ে। শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন এবং ৭৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন, যার ফলে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭৫ রানে। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন।

