
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নানা দাবি-দাওয়ার কারণে নির্বাচন নিয়ে জনমনে এক ধরনের অনিশ্চয়তা ও ভয় বিরাজ করছে। কিছু দল বলছে, নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন হবে না; আবার কেউ বলছে, নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পাশাপাশি, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ না হলে নির্বাচন সম্ভব নয় বলে দাবি করছে অন্যরা। এসব কারণে নির্বাচনের ভবিষ্যত নিয়ে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও যারা সরকারের বাইরে থাকা সত্ত্বেও সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে, তারা সেই সুবিধা ছাড়তে আগ্রহী নয়। তাই মানুষদের মনে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই জনসভার আয়োজন করে। এতে বক্তব্য দেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।

